Skip to main content

শাসক

শাসক যে রঙের-ই হোক ভয়ানক।
তাঁর চোখ সবদিকে থাকে
কে তার সমর্থক, কে তার বিরোধী
তার খবর রাখে।

তার হাতে সন্ত্রাস
তুরুপ, ঠেক্কা তাস
তার হাতে ভাঁড়ারের চাবি।
তার দল জোরদার
দলেরই তো সরকার
বিরোধীর আছে শুধু দাবি।

দাবি নিয়ে এলে কেউ
দল তুলে বড়ো ঢেউ
আইন-রক্ষী করে চুপ।
সংবাদে কতটা
অনুমতি যতটা
নৈপথ্যে শাসকের রূপ।

রূপের বাহারে ঢঙ
লাল নীল রঙ-চঙ
সবুজ বা হলুদ নিশান।
যে রঙেরই সেটা হোক
শাসকের দু’টি চোখ
ছুরিতেই দেবে শুধু শান।