Skip to main content

Posts

Showing posts with the label Sukumar Ray

সৎপাত্র

শুনতে পেলাম পোস্তা গিয়ে- তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভাল- রঙ যদিও বেজায় কালো; তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি? বলছি মশাই- ধন্যি ছেলের অধ্যাবসায়! উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায়? গরীব বেজায়- কষ্টে- সৃষ্টে দিন কেটে যায়। মানুষ তো নয় ভাই গুলো তার- একটি পাগল একটি গোঁয়ার; আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের ‍‍‍‌‍জ়র আর পাণ্ড রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজার বংশধর! শ্যাম লাহিড়ী বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের।- যাহোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে?

একুশে আইন

শিবঠাকুরের আপন দেশে , আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছলে প'ড়ে, প্যায়দা এসে পাক্‌‌ড়ে ধরে , কাজির কাছে হয় বিচার- একুশ টাকা দন্ড তার।। সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিন্ টিকিটে দম‌্দমাদম্ লাগায় পিঠে , কোটাল এসে নস্যি ঝাড়ে- একুশ দফা হাচিয়ে মারে।। কারুর যদি দাতটি নড়ে, চার্‌টি টাকা মাশুল ধরে , কারুর যদি গোঁফ গজায় , একশো আনা ট্যাক্সো চায়- খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় একুশ বার।। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে , দুপুরে রোদে ঘামিয়ে তায়- একুশ হাতা জল গেলায়।। যে সব লোকে পদ্য লেখে, তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান্ সুরে নামতা শোনায় একশো উড়ে, সামনে রেখে মুদীর খাতা- হিসেব কষায় একুশ পাতা।। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অম্‌‌নি তেড়ে মাথায় ঘষে, গোবর গুলে বেলের কষে, একুশটি পাক ঘুরিয়ে তাকে- একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে।।