Skip to main content

তুই হেসে উঠলেই

তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়
আলোর মুকুট খানা তোকেই পরাতে চায়,
তুই হাততালি দিলে যাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন।

তুই নেচে উঠলেই ছন্দের ছুটি
ছান্দসিকেরা হাল ছাড়ে মোটামুটি,
তুই গেয়ে উঠলেই ভেঙে খানখান
কপট ভণ্ড যত পরিচিত গান।

তুই কথা বললেই সন্ধি-সমাস
ব্যাকরণ থেকে ছুটি চায় তিন মাস,
তোর মুখ ভার হলে বিষাদজনিত
কারণে নিশানগুলো অর্ধনমিত,
গর্বের তুই ফিক করে হেসে দিলে
নিশানের হাততালি আকাশের নীলে।