Skip to main content

একটা থালায়

একটা থালায় চারটে রুটি
একটু আচার একটু ডাল,
একই থালায় দুজন খাবে
যুদ্ধ হয়ত আসছে কাল।

একটা মাঠে দু'জন সেপাই
দেশ বিভাগের সীমান্তে,
দু'জন আছে দুই দিকে
আর বন্ধু তারা অজান্তে।

তারা এদেশ ভাগ করেনি
দেয়নি কোথাও খুড়ির দাগ,
নেতারা সব ঝগড়া করেন
জলে কুমির ডেঙায় বাঘ।

ঝগড়া থাকে আড়াল করে
লাভের মাটি লাভের গুড়,
সীমান্তে দুই দেশের সেপাই
দেশপ্রেমের দিনমজুর।

দুই কাঁধে দুই বন্দুক
আর বুলেট বেশি খাবার কম,
রাজধানীতে হিসেব কষে
এদের নেতা ওদের যম।

যমের বাড়ি কাছেই আছে
অনেক দূরে নিজের ঘর,
দেশপ্রেমের নজির হল
এই চিতা আর ঐ কবর।

ক্ষিধের কিন্তু সীমান্ত নেই
নেই চিতা নেই কবরটাও,
যুদ্ধটাকে চিতায় তোল
যুদ্ধটাকেই কবর দাও।।