Skip to main content

Posts

Showing posts from July, 2012

আমার মন মানে না

আমার মন মানে না-- দিনরজনী। আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি। ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি-- ওগো সজনি॥ সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী-- কেন না জানি॥ ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে। ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে-- আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি॥

আহা, আজি এ বসন্তে

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম-কোমল-- কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আস, কেন মিছে হাস, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, দুখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়।

আমি তোমার সঙ্গে

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে-- তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥ সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ-- তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে॥ তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি। বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের তানের সে উন্মাদনে॥

আলো আমার আলো

আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা। আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥ নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে-- বাজে আলো বাজে, ও ভাই হৃদয়বীণার মাঝে-- জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥ আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা-- পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি-- সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥

আজ খেলা ভাঙার খেলা

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়। সুখের বাসা ভেঙে ফেলবি আয়। মিলনমালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে, উধাও মনের পাখা মেলবি আয়॥ অস্তগিরির ওই শিখরচূড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। কালবৈশাখীর হবে যে-নাচন, সাথে নাচুক তোর মরণবাঁচন, হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়॥

ও কেন এত সুন্দরী হলো

ও কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকালো দেখেতো আমি মুগ্ধ হবোই, আমিতো মানুষ… সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড় ওঠেনি, বাতাসটাতে ঘোর লেগেছে ও কেন তখন উড়িয়ে আঁচল খোলা চুলে বাইরে এলো, দেখেতো আমি মুগ্ধ হবোই, আমিতো মানুষ… সবে যখন প্রানে আমার মন জেগেছে পৃথিবীটা একটুখানি বদলে গেছে ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এলো, দেখেতো আমি মুগ্ধ হবোই, আমিতো মানুষ…